ভেতরের খবর নিউজ ডেস্ক: শিক্ষকদের দায়িত্ব ও নৈতিকতার বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। তাই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
২১ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের পিটিআইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষক ক্লাস নেওয়ার জন্য শ্রেণিকক্ষে গিয়ে যদি পড়ানো বাদ দিয়ে শুধু সময় কাটান, সেটিও দুর্নীতির শামিল। শিক্ষকদের নিজেদের শিক্ষার্থীদেরও নিজের সন্তানের মতো করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এর আগে ২৭ ফেব্রুয়ারি চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষকের দায়িত্বে অবহেলা থাকলে তা সামনে আনতে হবে। বিষয়টি সরকারের নজরে এলে তদন্ত করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অনুমতি ছাড়া শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায় যুক্ত থাকলেও তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এ ছাড়া জুলাইয়ে এক অনুষ্ঠানে শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণে সরকারের বিনিয়োগ যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের মূল দায়িত্ব শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়া এ বিষয়টিই তাঁর বক্তব্যগুলোতে বারবার উঠে এসেছে।
@ইয়াসমিন রিমা


