ভেতরের খবর নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী তানিয়া বেগমকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার মামলায় মোহাম্মদ আজাদ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আজাদ চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্ত্রী তানিয়ার সঙ্গে আজাদের পারিবারিক কলহ চলছিল। এর জেরে ২০২৩ সালের ২৭ জুলাই দিবাগত রাতে তানিয়ার হাত-পায়ে বৈদ্যুতিক তার পেঁচিয়ে শক দেন আজাদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে মামলায় অভিযোগ করা হয়। তানিয়া তিন সন্তানের জননী ছিলেন।
এ ঘটনায় তানিয়ার মা মায়া বেগম বাদী হয়ে আজাদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ময়নাতদন্ত প্রতিবেদন, আলামত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আজাদকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক সরকার বলেন, আদালতের রায়ে তারা ন্যায়বিচার পেয়েছেন। একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা।
@ইয়াসমিন রিমা


