ভেতরের খবর নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই তারা স্বাক্ষর করবেন।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম।
তিনি বলেন,”জুলাই সনদ দিয়ে আমরা সরকারের কাছে আমাদের অবস্থান জানিয়েছি। কিন্তু কাগজে-কলমে বিশ্বাসী নয় এনসিপি। বাস্তবায়ন কীভাবে হবে, সেই নিশ্চয়তা পেলে তবেই আমরা স্বাক্ষর করব।”
এনসিপির তিন দাবি
১. জুলাই সনদের আদেশ শুধু ড. মুহাম্মদ ইউনূসই জারি করবেন।
২. নোট অব ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না।
৩. গণভোটের মাধ্যমে জুলাই সনদের বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
নাহিদ ইসলাম জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আশ্বস্ত করেছেন—জুলাই সনদ নিয়ে এনসিপির প্রস্তাবগুলো ঐক্যমত কমিশনের মাধ্যমে আলোচনা করে বিবেচনায় নেয়া হবে।
জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে নাহিদ বলেন,”সেনাবাহিনীর সদস্যদের আদালতে আনা হয়েছে—এটা ইতিবাচক পদক্ষেপ। তবে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”


