ভেতরের খবর নিউজ ডেস্ক: খুলনা শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গুলিবিদ্ধ নেতার নাম মোতালেব শিকদার। তিনি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর পৌনে বারটার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির উপ-মুখ্য সংগঠক মাহমুদা মিতু দুপুর ১২টা ১৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনাটি প্রকাশ করেন। পোস্টে তিনি জানান, মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পোস্টের সঙ্গে গুলিবিদ্ধ নেতার একটি ছবিও প্রকাশ করা হয়।
তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, গুলিবিদ্ধ নেতা বর্তমানে আশঙ্কামুক্ত। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে এটি রাজনৈতিক কোনো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়।তিনি বলেন, “ঘটনাটি বেলা পৌনে বারটার দিকে ঘটে। তারা কয়েকজন একসঙ্গে একটি বাসায় থাকতেন। সেখানে নিজেদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।”
পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের তথ্য অনুযায়ী, মোতালেব শিকদার তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীসহ সোনাডাঙ্গা এলাকার একটি বাড়িতে বসবাস করতেন। সেখানেই গুলির ঘটনা ঘটে। গুলি তার বাম কানের পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে।ওসি রফিকুল ইসলাম আরও জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
খুলনা ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। এর আগে বৃহস্পতিবার খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজার এলাকায় ইমদাদুল হক মিলন নামে এক স্থানীয় সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে নিহত হন।


