ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন কার্যালয়ের সামনে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করেছে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে এই বিক্ষোভ শুরু হয়। বাংলাদেশের ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা এবং পরবর্তীতে তার মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনার প্রতিবাদে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছিল।
বিক্ষোভকারীরা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডেপুটি হাইকমিশন কার্যালয় থেকে প্রায় ২০০ মিটার দূর পর্যন্ত পুলিশ তিন স্তরের ব্যারিকেড বসায়।
সমাবেশ শুরুর কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে। এরপর তারা দ্বিতীয় ব্যারিকেড পর্যন্ত পৌঁছে গেলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ডেপুটি হাইকমিশন থেকে অন্তত একশ মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে দেওয়া হয়।


