ভেতরের খবর নিউজ ডেস্ক: সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রতিবেশী দেশটির সঙ্গে আবেগের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেছেন, বর্তমান বাংলাদেশ তার কাছে ‘অচেনা’ মনে হচ্ছে।
কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিঠুন বলেন,“এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না। আমার কোনো আগ্রহ নেই। সব কিছুর শেষ আছে—এই বার্তাই দিতে চাই। উপরওয়ালা সব দেখছে। এর দাম সবাইকে দিতেই হবে।”
বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন কলকাতার আরও কয়েকজন তারকাও। অভিনেতা দীপক অধিকারী দেব শান্তির প্রত্যাশা জানিয়ে বলেন,“যা চলছে তা কাম্য নয়। আমি চাই সবাই শান্তিতে থাকুন, ভালো থাকুন। দুবেলার খাবার আর মাথার ওপর একটা ছাদ—এর জন্য অন্য মানুষকে মারতে হয় না। এখন যা হচ্ছে, তাতে ভবিষ্যৎ আরও ভয়ংকর হতে পারে।”
দেব আরও বলেন, সিনেমা চলুক বা না চলুক, মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইনকিলাম মঞ্চের তরুণ নেতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ১৮ ডিসেম্বর রাতে শাহবাগে অবরোধ ও বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়, ডেইলি স্টার ভবন, ধানমন্ডির ছায়ানট এবং উদীচীর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এই পরিস্থিতিতে দেব, কোয়েল মল্লিক ও চিরঞ্জিত চক্রবর্তীর মতো শিল্পীরাও বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছেন।


