ভেতরের খবর নিউজ ডেস্ক: শরীয়তপুরর ভেদরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহ ও দুধের পাল্লা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পেদা কান্দি এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শাহাজালাল পেদা জানান, তাঁদের বাড়ির সামনে দুধের পাল্লা বসানোকে কেন্দ্র করে মোতালেব পেদার ছোট ভাইয়ের সঙ্গে তাঁর বাবার তর্ক হয়। একপর্যায়ে প্রতিপক্ষ তাঁদের ওপর হামলা চালায়। এতে তাঁর পরিবারের অন্তত তিনজন গুরুতর আহত হন।
এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ মুহিদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
@ইয়াসমিন রিমা


