ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় সানি শেখ সাগর (২৬) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে শহরের চৌড়হাস কোল্ডস্টোর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সানি শেখ সাগর ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন দুর্বৃত্ত চাপাতি ও রামদা নিয়ে সাগরের ওপর হামলা চালায়। এ সময় তার ডান পা, ডান হাত ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কোপ দেয় তারা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাগরের খালাতো ভাই তৌফিল ইসলাম জানান, ঘটনার কিছুক্ষণ আগে সকাল প্রায় ১১টার দিকে পশ্চিম চিনিকল রোড এলাকায় প্রবাল, ভিকি ও বিজয় তাকে মারধর করে এবং হুমকি দিয়ে বলে সাগরকে ডেকে আনতে। পরে তিনি সাগরকে খুঁজতে বের হন। এর কিছুক্ষণ পরই খবর পান, সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় সাগরকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বার বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
@ইয়াসমিন রিমা


