পবিত্র মাহে রমজান উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক প্রবাসীর উদ্যোগে হিরণ ইউনিয়নের ৬২টি মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক ব্যক্তিকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক আন্তরিক ইফতার মাহফিল।
সোমবার (৯ মার্চ) উপজেলার হিরণ ইউনিয়নের হাজী সাখাওয়াত হোসেনের বাড়িতে সৌদি প্রবাসী ও ব্যবসায়ী মাওলানা মুহম্মদ রইচ উদ্দিনের উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
গোপালপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানিপুর মাদ্রাসার প্রধান মুফতি মাসউদুর রহমান।
অনুষ্ঠানে হিরণ ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা, শিক্ষক, সমাজসেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাসউদুর রহমান বলেন, মসজিদের ইমামরা সমাজের নৈতিক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক। তারা মানুষকে ধর্মীয় শিক্ষা দেন, সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সম্মান জানানো এবং তাদের পাশে দাঁড়ানো সমাজের প্রত্যেক সচেতন মানুষের দায়িত্ব। তিনি আরও বলেন, পবিত্র ঈদের আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই উদ্দেশ্য থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা কবিরুল ইসলাম বলেন, রমজান মাস আমাদের ত্যাগ, সংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে দান-সদকা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব অনেক বেশি। মসজিদের ইমামরা সারাবছর মানুষকে ধর্মীয় শিক্ষা দেন এবং সমাজকে সৎপথে পরিচালিত করতে ভূমিকা রাখেন। তাদের সম্মান জানাতে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
অনুষ্ঠান শেষে মসজিদের ইমামদের হাতে ঈদ উপলক্ষে নগত টাকা তুলে দেওয়া হয় এবং উপস্থিত অতিথিদের নিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সবাই একসঙ্গে ইফতার করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
স্থানীয়দের মতে, পবিত্র রমজান মাসে মসজিদের ইমামদের সম্মান জানিয়ে এমন উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ও প্রবাসীরা এ ধরনের মানবিক কার্যক্রমে আরও বেশি করে এগিয়ে আসবেন।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি


