ভেতরের খবর নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
নিহতরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম (৩৫), তাঁর স্ত্রী ও ছেলে। এ ঘটনায় গুরুতর আহত তাঁদের মেয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। ঈদের ছুটি উপলক্ষে মঙ্গলবার সকালে স্ত্রী ও সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম, তাঁর স্ত্রী ও ছেলে মারা যান। গুরুতর আহত অবস্থায় তাঁদের মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
@ইয়াসমিন রিমা


