ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে কথিত এক পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। একই সঙ্গে তার আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
শনিবার (১১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামীম রেজা ওরফে জাহাঙ্গীর ওই গ্রামের মৃত জেছের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শামীম রেজা ঢাকায় পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে এলাকায় ফিরে এসে একটি আস্তানা গড়ে তোলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পুরোনো ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা তৈরি হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একপর্যায়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করলেও অতিরিক্ত জনতার চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং তিনি মারা যান।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন বিকেল পৌনে পাঁচটার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ভিডিওটি কীভাবে পুনরায় ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শামীম রেজার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। ওই সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আবার একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।
@ইয়াসমিন রিমা


