ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরে সফরসঙ্গী হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে তাঁর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সরকারি সফরে জাপান যাচ্ছেন তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
সফরসূচি অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তাঁর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অবকাঠামো উন্নয়ন, উন্নয়ন সহযোগিতা, মেট্রোরেল প্রকল্পের ব্যয় কমানো এবং জাপানের ঋণের সুদের হার হ্রাসসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।
সফরকালে জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর ও মানবসম্পদ উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নাগোয়া শহরে টয়োটা মোটর করপোরেশনের কারখানা ও শিল্প-প্রযুক্তি জাদুঘর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সফর শেষে ওই দিন রাত ১০টা ৩৫ মিনিটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
@ইয়াসমিন রিমা


