ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিদা আক্তার ওই এলাকার নানির বাড়িতে বসবাস করতেন। তিনি ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার মা লিজা আক্তার প্রবাসে এবং বাবা নুর হোসেন বরিশালে থাকেন।
পরিবারের সদস্যরা জানান, বিকেলে নাহিদা নিজ ঘরে পড়াশোনা করছিলেন। এ সময় তার নানি দেলোয়ারা বেগম দুধ আনতে বাইরে যান এবং তাকে ভেতর থেকে দরজা বন্ধ রাখতে বলে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি ঘরের দরজা খোলা দেখতে পান এবং রান্নাঘরে নাহিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। নিহতের গলা ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
@ইয়াসমিন রিমা