ভেতরের খবর নিউজ ডেস্ক: সরকার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার, জুলাই যোদ্ধা এবং গুমের ভুক্তভোগীদের রাষ্ট্রীয় আইনি সহায়তার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান নীতিমালা, ২০১৪’–এ সংশোধন আনা হচ্ছে। সংশোধন কার্যকর হলে তারা নিম্ন আদালত থেকে আপিল বিভাগ পর্যন্ত বিনা মূল্যে আইনি সহায়তা পাবেন।
আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৮ এপ্রিল ‘আইনগত সহায়তা দিবস’ উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সুবিধাভোগীর পরিধি আরও বাড়বে এবং ফৌজদারি ও দেওয়ানি উভয় ধরনের মামলায় সংশ্লিষ্টরা রাষ্ট্রের খরচে আইনজীবীর সহায়তা নিতে পারবেন।
নতুন সংশোধনী অনুযায়ী, জুলাই শহীদের পরিবার, জুলাই যোদ্ধা, গুম হওয়া ব্যক্তি বা তাঁদের পরিবার এবং গুমের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বাদী বা আসামি যেই হোন না কেন এই সুবিধার আওতায় আসবেন। সংশোধিত নীতিমালা শিগগিরই প্রজ্ঞাপন আকারে জারি হতে পারে।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন জানান, জুলাই শহীদ, যোদ্ধা এবং গুম-খুনের শিকার ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি ও সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রণীত এ নীতিমালার আওতায় এতদিন দরিদ্র ও অসচ্ছল ব্যক্তি, নির্যাতিত নারী-শিশু, প্রতিবন্ধী এবং বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী বিনামূল্যে আইনি সহায়তা পেতেন। ২০২৩ সালে সংশোধনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরও এতে অন্তর্ভুক্ত করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই উদ্যোগ বিচারপ্রাপ্তির সুযোগকে আরও বিস্তৃত করবে এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কাঠামো হিসেবে ভূমিকা রাখবে।
@ইয়াসমিন রিমা