ভেতরের খবর নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় নিজ ঘর ও পাশের রেললাইন থেকে বাবা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড় ছেলে সোহান হোসেনকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন মো. সোহেল হোসেন (৫২) ও তাঁর ছেলে সাকিব হোসেন (১৮)। সাকিব রাজধানীর উত্তরার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন এবং পাশাপাশি একটি চাকরিও করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে। সাকিবের মরদেহ ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। তাঁর মুখে কাপড় গুঁজে দেওয়া ছিল এবং দুই হাতের রগ কেটে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, সোহেল হোসেনের লাশ বাড়ির পাশের বনমালা রেললাইনে পড়ে থাকতে দেখা যায়। তাঁর শরীরে ট্রেনের আঘাতের চিহ্ন রয়েছে।
জানা গেছে, সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। প্রায় এক বছর আগে তাঁর স্ত্রী মারা যাওয়ার পর তিনি দুই ছেলেকে নিয়ে ওই বাড়িতে বসবাস করছিলেন।
ঘটনার সময় বড় ছেলে সোহান পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং নাইট ডিউটি শেষে বাসায় ফিরে ঘুমিয়ে পড়েন বলে দাবি করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বাবা ও ছেলের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় তদন্ত চলছে এবং বড় ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
@ইয়াসমিন রিমা