ভেতরের খবর নিউজ ডেস্ক: টানা কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে কুমিল্লা নগরীর বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ১০২ মিলিমিটার বৃষ্টিপাতে সড়ক ও নিম্নাঞ্চল ডুবে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।
নগরীর আদালত সড়ক, লাকসাম সড়ক, সালাউদ্দিন মোড়, মনোহরপুর, রেইসকোর্স ও ঈদগাহ সড়কসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে দোকানপাট ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ার পাশাপাশি ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অনেক কেন্দ্রে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীদের বেঞ্চে পা তুলে বসে পরীক্ষা দিতে হয়েছে। কোথাও কোথাও দাঁড়িয়ে থেকেই পরীক্ষা দিতে বাধ্য হয় তারা। বৃষ্টি ও ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়লে মোমবাতি ও চার্জলাইটের আলোয় পরীক্ষা নেওয়া হয়।
ঈশ্বরপাঠশালা স্কুল কেন্দ্রের এক অভিভাবক জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে যায় এবং অল্প সময়ের মধ্যেই কেন্দ্রের ভেতরে পানি ঢুকে পড়ে। এতে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরাও। অনেক দোকানে পানি ঢুকে পণ্য নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় কুমিল্লা সিটি কর্পোরেশন ড্রেন ও খালের মুখ পরিষ্কার করে পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে। প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানিয়েছেন, দ্রুত পানি সরিয়ে জলাবদ্ধতা কমানোর চেষ্টা চলছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, যা নগরবাসীর দুর্ভোগ বাড়াতে পারে।
@ইয়াসমিন রিমা