ভেতরের খবর নিউজ ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময় হওয়া অভ্যুত্থান–সংশ্লিষ্ট মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার। এসব মামলা যাচাই-বাছাই করে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া বহু মামলার মধ্যে কিছু গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগও রয়েছে। এসব মামলায় অনেক ক্ষেত্রে হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে। তাই প্রকৃত আসামিদের শনাক্ত করতে জেলাভিত্তিক তালিকা চাওয়া হয়েছে।
তিনি আরও জানান, মহানগর এলাকায় মামলার সংখ্যা তুলনামূলক বেশি হলেও প্রত্যন্ত জেলাগুলোতে তা কম। তদন্ত কর্মকর্তারা যাচাই করে প্রকৃত দোষীদের চিহ্নিত করবেন, যাতে দ্রুত মামলার নিষ্পত্তি করা যায়। একই সঙ্গে যাঁদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে, তাঁদের অব্যাহতি দেওয়ার সুপারিশও করা হবে।
ডিসিদের দ্রুত সময়ের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সর্বোচ্চ এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কেউ বিলম্ব করলে ন্যায়বিচারের স্বার্থে তা বিবেচনায় নেওয়া হবে।
সরকার জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি আইনগতভাবে সম্পন্ন করা হবে।
@ইয়াসমিন রিমা