ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের অফিস সহায়ক মনিরা খাতুন (৩০) গুরুতর দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১০ মে) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতাল এলাকায় অবস্থিত নিরাপদ খাদ্য অফিসে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, অফিস ছুটির আগে জাতীয় পতাকা নামানোর সময় অসাবধানতাবশত স্টিলের পাইপটি বিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইনের তারে স্পর্শ করে। এতে পাইপে বিদ্যুৎ সংযোগ ছড়িয়ে পড়লে মনিরার শরীরে আগুন ধরে যায়। অফিসে তখন অন্য কেউ উপস্থিত না থাকায় তাকে উদ্ধার করতে কিছুটা দেরি হয় এবং তার শরীরের বেশিরভাগ অংশ ঝলসে যায়।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান জানান, মনিরার অবস্থা সংকটাপন্ন। তবে তার জ্ঞান ফিরেছে এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
@ইয়াসমিন রিমা