ভেতরের খবর নিউজ ডেস্ক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত নতুন সরকার স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে কাজ শুরু করেছে। এ পরিবর্তনের মূল শক্তি হবেন ডাক্তার, নার্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একজন ডাক্তারের বিপরীতে অন্তত তিনজন নার্স প্রয়োজন। কারণ ডাক্তাররা নির্দিষ্ট সময় দায়িত্ব পালন করলেও নার্সদের ২৪ ঘণ্টা রোগীর পাশে থাকতে হয়। কিন্তু দেশে প্রয়োজনের তুলনায় নার্স কম থাকায় বিদ্যমান নার্সদের বাড়তি চাপ সামলাতে হচ্ছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মানুষ এখনো সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল। সীমাবদ্ধতা থাকলেও ডাক্তার ও নার্সদের আন্তরিক সেবার কারণেই মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসে।
স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, গত দেড় দশকের দুর্নীতি ও অব্যবস্থাপনায় এ খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু নতুন ভবন নির্মাণ নয়, রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থার ওপরও গুরুত্ব দিতে হবে।
সরকারের পরিকল্পনার কথা জানিয়ে এম এ মুহিত বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নার্সিং শিক্ষার মানোন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে নার্সদের পক্ষ থেকে সাদা ইউনিফর্ম পুনর্বহাল, ডে-কেয়ার সুবিধা, পদোন্নতি ও সুস্পষ্ট ক্যারিয়ার পাথওয়ের দাবি জানানো হয়। এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
@ইয়াসমিন রিমা