ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, সরকারে থাকলে তা বাস্তবায়নের চেষ্টা করে। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় গুরুদের সম্মানী দেওয়ার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
আজ শনিবার কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চাঁদপুর সফরে যাওয়ার পথে এই পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, দেশের প্রায় ৬০ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ধাপে ধাপে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড ও কৃষকদের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, “বিএনপি দেশের মানুষকে যে কথা দেয়, সরকারে থাকলে তা রক্ষা করার চেষ্টা করে।”
দেশ পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ স্বৈরাচার ও দুর্নীতির কারণে দেশ পিছিয়ে পড়েছে। এখন দেশের প্রধান কাজ হচ্ছে অর্থনীতি, কর্মসংস্থান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। তিনি জানান, নতুন শিল্পকারখানা স্থাপন, বেকারত্ব দূরীকরণ এবং নারীদের শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য সরকার কাজ করবে।
পথসভায় কুমিল্লাকে বিভাগ ঘোষণা, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং কুমিল্লা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার দাবি জানানো হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের যৌক্তিক দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
দেশের বর্তমান অর্থনৈতিক সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিগত সরকারের লুটপাট ও অর্থ পাচারের কারণে অর্থনীতি চাপে রয়েছে। এ অবস্থা কাটিয়ে উঠতে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
এক দিনের সফরে তিনি চাঁদপুরে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় সাংগঠনিক সভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
@ইয়াসমিন রিমা