ভেতরের খবর নিউজ ডেস্ক: কোরবানির পশুর কাঁচা চামড়ার বাজারে এবার চরম ধস নেমেছে। নামমাত্র দামে চামড়া কেনা হচ্ছে বলে অভিযোগ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। তাদের দাবি, সিন্ডিকেটের কারণেই বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
রাজধানীর পোস্তায় বড় গরুর ভালো মানের একটি চামড়ার দাম সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত বলা হচ্ছে। সামান্য কাটা বা ছিদ্র থাকলে দাম নেমে আসছে ১০০ থেকে ২০০ টাকায়। এতে খরচই উঠছে না বলে জানিয়েছেন বিক্রেতারা।
সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় চামড়া বিক্রি না হওয়ায় রাস্তার পাশে স্তূপ করে রাখা ও মাটিতে পুঁতে ফেলার ঘটনাও ঘটেছে। কোথাও কোথাও ক্রেতা না থাকায় ব্যবসায়ীরা হতাশ হয়ে চামড়া ফেলে চলে গেছেন।
সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ এম মান্নান কবীর বলেন, চামড়া জাতীয় সম্পদ। এটি নষ্ট হওয়া অত্যন্ত দুঃখজনক। দ্রুত সংরক্ষণ ও বিপণনে সমন্বয় জরুরি।
@ইয়াসমিন রিমা