ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের কপার কেবল চুরির মামলায় সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র (২৬) ও ভাঙারি ব্যবসায়ী রিজাকুল ইসলামকে (৩২) পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম।
এদিন দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির এসআই ইনজামুল হক। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
মামলার অভিযোগে বলা হয়, সচিবালয়ের পুরোনো এক নম্বর ভবন থেকে নতুন এক নম্বর ভবন পর্যন্ত স্থাপিত কপার কেব্লের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ দপ্তরের লাল টেলিফোন সংযোগ সচল রাখা হতো। দুর্বৃত্তরা ভবনের ছাদে থাকা কপার কেব্ল কেটে ফেলায় গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগ ক্ষতিগ্রস্ত হয়।
পরে তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চুরির কথা স্বীকার করেন। তিনি জানান, গত ২২ মে তারগুলো চুরি করে ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তার বিক্রি করেন।
রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী রিজাকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে চকবাজারের হোসেনি দালান এলাকার একটি গুদাম থেকে চুরি হওয়া তার উদ্ধার করে পুলিশ।
@ইয়াসমিন রিমা