ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পৌঁছেছে।
গত ৭ জুন বহুল আলোচিত এ মামলার রায়ে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন আদালত। রায়ের পর তাদের কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। পাশাপাশি সোহেলকে ৫ লাখ এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, এই অর্থ ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকারীরা পাবেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, শিশুটির ওপর যৌন নির্যাতন ও হত্যার অভিযোগের পক্ষে পর্যাপ্ত ও সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়েছে। এছাড়া প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ঘটনার পর তাকে পালাতে সহায়তার ক্ষেত্রে স্বপ্না আক্তারের সম্পৃক্ততাও প্রমাণিত হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ মে নিখোঁজ হওয়ার পর রামিসা আক্তারের মরদেহ একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা এ ঘটনার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে এবং দ্রুত বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
@ইয়াসমিন রিমা