ভেতরের খবর নিউজ ডেস্ক: ঝিনাইদহ শহরে খাবার খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে কাওসার (১৯) নামে এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বন্ধু লিখনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের মহিলা কলেজ পাড়ার একটি মেসে এ ঘটনা ঘটে।
নিহত কাওসার ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং হরিণাকুণ্ডু পৌর এলাকার চটকাবারিয়া গ্রামের মতিউর রহমানের ছেলে। আটক লিখন সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা ও স্থানীয় বাড়িবাতান মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, দুপুরে খাবার খাওয়াকে কেন্দ্র করে কাওসার ও লিখনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে লিখন ধারালো ছুরি দিয়ে কাওসারকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনার পর হাসপাতাল এলাকা থেকে অভিযুক্ত লিখনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
@ইয়াসমিন রিমা


