ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর সায়েদাবাদে দুই নারীর ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারিতে ফকির আলমগীর (৪৬) নামে এক বাস হেল্পার নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে রবিউল আওয়াল জানান, সকালে সমিতির কার্যালয়ের সামনে এক নারী ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে তার মা টুনি আক্তারের সঙ্গে তর্কে জড়ান। এ সময় আলমগীর ও রবিউলও সেখানে ছিলেন। একপর্যায়ে ওই নারীর ছেলে শুক্কুর আলী এসে আলমগীরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
রবিউলের অভিযোগ, শুক্কুর আলমগীরের বুকে কয়েকটি ঘুষি মারলে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় রাস্তার ভাঙা ইটের একটি অংশ তার মাথায় ঢুকে গুরুতর আহত হন। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আলমগীর বাসের হেল্পার হিসেবে কাজ করতেন। পাশাপাশি দিনের বেলায় ভ্যানে করে শরবত বিক্রি করতেন। তার পরিবার সায়েদাবাদের করাতিটোলা এলাকায় বসবাস করে।
যাত্রাবাড়ী থানার এসআই অন্তু দে প্রেম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির পর মারামারি শুরু হয়। একপর্যায়ে রাস্তায় পড়ে ওই ব্যক্তি মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
@ইয়াসমিন রিমা