বাফনার নতুন কমিটি ঘোষণা, সভাপতি মেহেদী হাসান ও সম্পাদক বিপুল বিশ্বাস

ভেতরের খবর নিউজ ডেস্ক: সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যাসোসিয়েশনের (বাফনা) দ্বিবার্ষিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মো. মেহেদী হাসান হাওলাদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিপুল বিশ্বাস।

গত ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কমিটি ঘোষণা করেন বাফনার উপদেষ্টা পরিষদের উপদেষ্টা ও এনপিআই ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. এ. কে. এম. ফরমুজুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফনার উপদেষ্টা পরিষদের সদস্য ও বিএসটিআইয়ের সাবেক মহাপরিচালক ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, বারটানের রিসার্চ ডিরেক্টর ড. আব্দুল রাজ্জাক, জাইকার মো. মাসুদ আলমসহ সংগঠনের উপদেষ্টা, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং খাদ্য ও পুষ্টি খাতের পেশাজীবীরা।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন কামরুল হাসান। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জি. এম. রেজা সুমন, চিন্ময় সরকার ও মাহফুজা আফরোজ সাথী। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদা রহমান, সিরাজাম মুনিরা ও উম্মে সালমা তামান্না। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সুজিত রঞ্জন সরকার, সোহেল রানা ও স্বর্ণালী দাশ বিজয়া।

এ ছাড়া অর্থ সম্পাদক সরকার বন্ধন কুমার দীপ, দপ্তর সম্পাদক তানভীর আহম্মদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুরাইয়া আক্তার, আন্তর্জাতিক ও জাতিসংঘ বিষয়ক সম্পাদক অর্পিতা সাবিত্রী এবং কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সুদীপ্ত দেবনাথসহ বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন অন্য সদস্যরা। ছয়জনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটি ঘোষণা শেষে সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের খাদ্য ও পুষ্টি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি, পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা ও জ্ঞান বিনিময় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পখাতের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, বাফনার কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানো হবে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা, পুষ্টি, জনস্বাস্থ্য ও পেশাগত দক্ষতা উন্নয়নে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।

‘সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণে আগামীর পথে বাফনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের খাদ্য ও পুষ্টি খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    গণমাধ্যমে সংবাদ প্রচারের পর টনক নড়ল কর্তৃপক্ষের

    কলাতুলীর ভাঙ্গার মোড়ে জমি দখলের অভিযোগ, আর এফ বিল্ডার্সের নির্মাণকাজ বন্ধ নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার কক্সবাজারের কলাতুলী ভাঙ্গার মোড় এলাকায় জনৈক মজিবুর রহমানের ৩৪ শতাংশ জমি দখল করে রাখার অভিযোগ উঠেছে…

    আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা।

    সরকারদলীয় বিএনপি নেতাদের সহায়তায় দেলোয়ার হোসেন ওরফে হাজী দেলোয়ার নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে ‘ভূমিদস্যুতা’ ও ‘জুলুম-জালিয়াতি’র অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্ত দেলোয়ার আরএফ বিল্ডার্স নামের ডেভেলপার কোম্পানির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *