ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর যৌথ আভিযানিক দল।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকারপট্টি এলাকার মুকিম মার্কেটের নিচতলার একটি দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের মো. বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মো. মানিক (৩৮) এবং চাঁদশিকারী গ্রামের মো. ইউসুফ আলী (৫০)।
এসআরবি-৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী এবং সিপিসি-১, এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জের যৌথ আভিযানিক দল ওই দোকানে অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধার করা আলামতসহ তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
@ইয়াসমিন রিমা


