ভেতরের খবর নিউজ ডেক্স :- আজ দুপুরে রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় একটি বহুতল আবাসিক ভবনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে আগুন লাগে ভবনের মাঝামাঝি একটি ফ্ল্যাটে। ধোঁয়া ও আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ভবনে, সৃষ্টি হয় চরম আতঙ্ক।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর জানায়, খবর পাওয়ার পরই তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আগুন লাগার সময় ভবনে থাকা অনেক বাসিন্দা চিৎকার করে নিচে নেমে আসেন। কেউ কেউ জানালা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন, আবার অনেকে ভবনের ছাদে আশ্রয় নেন।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, “হঠাৎ ধোঁয়া দেখতে পাই। একসময় আগুনের লেলিহান শিখা দেখা যায়। সবাই দৌঁড়াদৌঁড়ি করে নিচে নামছিল। অনেকেই আটকা পড়েছিল। ফায়ার সার্ভিস না এলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।”
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাত হতে পারে ফ্ল্যাটের এসি ইউনিট অথবা রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে। যদিও বিষয়টি তদন্তাধীন।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ধোঁয়ার কারণে অন্তত ৩ জন শ্বাসকষ্টে আক্রান্ত হন, যাদের মধ্যে একজন নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের নিরাপত্তা ও অগ্নি প্রতিরোধ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ফায়ার সার্ভিস ভবন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ভবনটিতে আগুন প্রতিরোধক ব্যবস্থা স্থাপন ও জরুরি নির্গমন পথের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।