ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, “অনেক প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হবে।”
শনিবার (২৬ জুলাই) বিকেলে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিইসি আরও বলেন, “আসন্ন নির্বাচন আমাদের সকলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে না পারলে এর খেসারত গোটা জাতিকে দিতে হবে। তবে আমরা বিশ্বাস করি, এই নির্বাচন দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন খুলনা নৌঅঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় আসন্ন নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচন পরিচালনায় মাঠ প্রশাসনের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।