ভেতরের খবর নিউজ ডেস্ক: ২০২৪ সালের ৩ আগস্ট শনিবার। বিকেলের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হতে শুরু করে হাজারো মানুষ। শিশু থেকে বৃদ্ধ সবার মুখেই দাবি একটাই—প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। “দফা এক, দাবি এক—শেখ হাসিনার পদত্যাগ” এই মূল স্লোগানে মুখরিত হয় পুরো শহীদ মিনার এলাকা।
বিকেল গড়াতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু করে বকশীবাজার, নিউমার্কেট, সায়েন্সল্যাব ও শাহবাগ মোড় হয়ে সমাবেশস্থলে ছুটে আসেন নানা শ্রেণিপেশার মানুষ। তরুণদের কণ্ঠে শোনা যাচ্ছিল, “এই হাসিনা, ওই হাসিনা—গণবিরোধী শেখ হাসিনা”, “বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর” এবং “স্টেপ ডাউন শেখ হাসিনা”—এই ধরনের ক্ষোভে পরিপূর্ণ স্লোগান।
সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।
শহীদ মিনারে সাধারণ ছাত্রছাত্রী, শ্রমজীবী মানুষ, পথচারি, এমনকি রিকশাচালকেরাও মিছিলের সাথে একাত্মতা ঘোষণা করে হাতে প্ল্যাকার্ড তুলে নেয়। কেউ লিখেছেন “We want justice”, কেউ লিখেছেন “People’s demand: Step down now”।
পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী শুরুতে এলাকা ঘিরে রাখলেও পরিস্থিতি সহনীয় থাকায় সন্ধ্যার পর নিরাপদ দূরত্বে সরে দাঁড়ায়।
শহীদ মিনারের এই দৃশ্য যেন নতুন গণজাগরণের ঘোষণা। অনেকের মুখেই এক কথা— “এই আগস্ট আর শুধুই শোকের নয়, এই আগস্ট জনগণের প্রত্যাঘাতের সময়।”
বিশ্লেষকদের মতে, ৩ আগস্টের এই জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে—শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষও আর তৎকালীন সরকারের ফ্যাসিজম থেকে মুক্ত হতে চায়।