ভেতরের খবর নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য এবং যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আজাদুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও অনেকে আসামি হয়েছেন।
২ নম্বর আসামি হিসেবে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়ার নাম রয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, থানায় হামলা ও ভাঙচুরে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এর আগে দ্রুত বিচার আইনে করা আরেক মামলায় আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম ম সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তে ফরিদপুর-৪ আসনের দুটি ইউনিয়ন আলগী ও হামিরদীকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হলে এলাকাজুড়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু হয়। একাধিক দফায় মহাসড়ক ও রেললাইন অবরোধে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
অবরোধের দ্বিতীয় দিনে ভাঙ্গা থানা, উপজেলা কমপ্লেক্স, হাইওয়ে থানা ও সরকারি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানিয়েছেন, উপজেলা কমপ্লেক্সে হামলার ঘটনায় আলাদা মামলা করার প্রস্তুতিও চলছে।
এক আন্দোলনকারী অভিযোগ করেন, তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করার জন্য দ্রুত বিচার আইনে চেয়ারম্যান ও স্থানীয়দের আসামি করা হয়। এর প্রতিবাদেই সহিংস ঘটনা ঘটে।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


