ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে শনিবার দিবাগত রাতেও উত্তেজনা বিরাজ করে। রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে জানানো হয়, পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করে রোববার জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। তবে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত মানেননি এবং নির্বাহী ক্ষমতাবলে কোটা বাতিলের দাবি জানান।
রাত দেড়টার দিকে উপাচার্য সালেহ হাসান নকীব বাসভবনের ফটকের ভেতর থেকে বক্তব্য দেন। তিনি জানান, প্রাতিষ্ঠানিক সুবিধা স্থগিত করা হয়েছে এবং সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্তভাবে বন্ধ হতে পারে। কিন্তু শিক্ষার্থীরা তাঁর বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন।
এর আগে সহ-উপাচার্য মোহাম্মদ মাঈন উদ্দীনের গাড়ি আটকে দেওয়া ও তাঁকে অবরুদ্ধ করার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ নিয়ে শিক্ষক সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রোববার কর্মবিরতির ডাক দিয়েছে।
শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন পোষ্য কোটা বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত তাঁদের অবস্থান কর্মসূচি চলবে।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর