ভেতরের খবর নিউজ ডেস্ক: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুমিল্লা ও সাতক্ষীরায় সড়ক ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দুইটি বিশেষ প্রকল্প নিচ্ছে। কুমিল্লার জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ৪০০ কোটি টাকা এবং সাতক্ষীরার জন্য ২ হাজার ১৯৮ কোটি টাকা। তবে প্রকল্প দুটির বড় অংশ বরাদ্দ দেওয়া হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপজেলা মুরাদনগর (৪৫৩ কোটি) ও মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদের জেলা সাতক্ষীরায়।
এলজিইডি সূত্র বলছে, এত বড় আকারের একক প্রকল্প আগে কোনো জেলায় নেওয়া হয়নি। অথচ কুড়িগ্রাম, নোয়াখালী, চুয়াডাঙ্গার মতো জেলায় সড়কের অবস্থা আরও খারাপ হলেও সেখানে এমন প্রকল্প নেই। সমালোচকরা বলছেন, এটি স্পষ্টতই স্বার্থের সংঘাত এবং ক্ষমতার অপব্যবহার।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, উপদেষ্টা ও সচিবের নিজ জেলায় বিশেষ প্রকল্প নেওয়া কর্তৃত্ববাদেরই বহিঃপ্রকাশ। এ ধরনের প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া উচিত নয়।
অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে মুরাদনগরের স্থানীয় নেতারা বলছেন, উপদেষ্টা উন্নয়নকে নিজের নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করছেন।
সরকার অর্থসংকটে থাকায় নতুন প্রকল্প কমানোর কথা বললেও নির্বাচনের আগে বিশেষ বরাদ্দ প্রশ্ন তুলছে রাষ্ট্রীয় সম্পদ আসলে কার স্বার্থে ব্যবহৃত হচ্ছে?
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর