ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের দ্বিতীয় তলার একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দোকানমালিক।
দোকানমালিকের দাবি, চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ৪০০ ভরি দোকানের নিজস্ব এবং ১০০ ভরি বন্ধকী স্বর্ণালংকার। বর্তমানে দেশে প্রতি ভরি সোনার দাম দুই লাখ টাকার বেশি হওয়ায় চুরি হওয়া সোনার আনুমানিক মূল্য দাঁড়ায় প্রায় ১০ কোটি টাকা।
চুরির খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, “মালিবাগের ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায় অবস্থিত ‘শম্পা জুয়েলার্স’ থেকে চুরির অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৩টা ১০ মিনিটের দিকে শপিং মলের পেছনের তৃতীয় তলার জানালার গ্রিল ভাঙা অবস্থায়।”
তিনি আরও বলেন, “ধারণা করা হচ্ছে, ওই জানালা দিয়েই চোর মলে প্রবেশ করে এবং পরে দ্বিতীয় তলায় দোকানের শাটার ভেঙে ভেতরে ঢোকে। শোকেসে রাখা স্বর্ণালংকার তারা নিয়ে যায়।”
রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম জানান, “শপিং মলের নিরাপত্তাকর্মীরা রাতে দায়িত্বে ছিলেন। দোকানমালিক ও কর্মচারীরা মার্কেট বন্ধ করে চলে যাওয়ার পরই চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর শনাক্ত ও স্বর্ণ উদ্ধার অভিযান চলছে।”
তবে পুলিশের ভাষ্য, চুরি হওয়া স্বর্ণের পরিমাণ নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর শপিং মলজুড়ে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


