ভেতরের খবর নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। মিসরের পর্যটন নগরী শারম আল শেখে অনুষ্ঠিত শান্তি আলোচনার তৃতীয় দিনে এই ঐতিহাসিক সমঝোতা হয়। চুক্তির মধ্য দিয়ে গাজায় সংঘাত বন্ধ, বন্দিবিনিময় এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ খুলে গেল।
চুক্তির খবর ছড়িয়ে পড়তেই গাজার রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। ধ্বংসস্তূপের শহরজুড়ে ছড়িয়ে পড়ে স্বস্তি আর আনন্দের উল্লাস। দক্ষিণ গাজার খান ইউনিস ও মধ্যাঞ্চলে পতাকা হাতে উদ্যাপন করে তরুণেরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েল ও হামাস দুই পক্ষই সই করেছে। খুব শিগগিরই সব জিম্মি মুক্তি পাবে এবং ইসরায়েল সেনা প্রত্যাহার শুরু করবে। এটি টেকসই ও স্থায়ী শান্তির প্রথম ধাপ।”
ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েলি মন্ত্রিসভা বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতি অনুমোদন দেবে বলে জানিয়েছে দেশটির সরকার। অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে৷
চুক্তির মূল দফাগুলো : গাজায় সংঘাত বন্ধ,ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার,হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি,ইসরায়েলে বন্দী প্রায় দুই হাজার ফিলিস্তিনির মুক্তি,ত্রাণ ও বাণিজ্য চলাচল পুনরায় চালু
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে গাজার প্রায় অর্ধেক এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। বর্তমানে তারা ৮০ শতাংশের বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে।
যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়তেই গাজা নগরী, খান ইউনিস, দেইর আল-বালাহসহ উপত্যকার বিভিন্ন শহরে উৎসব শুরু হয়।
স্থানীয় বাসিন্দা আবুল মাজেদ বলেন,”রক্তপাত বন্ধে আল্লাহর কাছে শুকরিয়া। আজ পুরো গাজা খুশি, আরব বিশ্ব খুশি, খুশি পুরো পৃথিবী।”
তবে অনেকের মনে এখনো ভয়। কারণ, এর আগেও ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙেছে। খান ইউনিসের বাসিন্দা আবু হাসেম বলেন,”মানুষ শান্তির আশা করছে, কিন্তু ইসরায়েলকে বিশ্বাস করা কঠিন।”
যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, কাতার, মিসর, তুরস্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, সৌদি আরবসহ অন্তত ১৫টি দেশ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক্সে লিখেছেন,”এই যুদ্ধবিরতি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন গাজায় ত্রাণ ও পুনর্গঠন দ্রুত শুরু করতে হবে।” রাশিয়া, ফ্রান্স ও তুরস্কের নেতারাও ট্রাম্পের মধ্যস্থতার প্রশংসা করেছেন।
শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে রয়েছে গাজা পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন এবং হামাসের অস্ত্রনিরস্ত্রীকরণ—যা নিয়ে এখনো মতভেদ রয়ে গেছে। ফলে বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং ইসরায়েলের আচরণই নির্ধারণ করবে এই চুক্তি কতটা টেকসই হবে।
মানবাধিকার কর্মী মাইকেল শেফের ওমের-মান বলেন “ইসরায়েল যেন পুনরায় হামলা বা অবরোধ না চালায়, সীমান্তে ত্রাণ ও মানুষের চলাচলে বাধা না দেয়—এটা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।” গাজায় এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো পরিবার। তবু যুদ্ধবিরতির এই ঘোষণা তাদের কাছে বেঁচে থাকার নতুন আশার আলো।
ছবি: রয়টার্স, এএফপি
সূত্র: আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও মিসরীয় কূটনৈতিক সূত্র
প্রতিবেদন : ভেতরের খবরের নিজস্ব প্রতিবেদক


