ভেতরের খবর নিউজ ডেস্ক: ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। আজ শুক্রবার বিকেলে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ইসরায়েল থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান।
শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও গাজায় নৌ অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামের একটি প্ল্যাটফর্ম সম্প্রতি গাজামুখী নৌযাত্রা শুরু করে। এতে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। সেই বহরের সদস্য ছিলেন শহিদুল আলম।
গত বুধবার ইসরায়েলি সেনারা ওই নৌবহরে আক্রমণ চালিয়ে সব অংশগ্রহণকারী ও নাবিককে আটক করে। পরে শহিদুল আলমসহ অনেককে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে নেওয়া হয়।
ইসরায়েলে আটক হওয়ার পর থেকেই বাংলাদেশ সরকার জর্ডান, মিসর ও তুরস্কের মাধ্যমে তাঁর মুক্তির জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল। অবশেষে মুক্তি পেয়ে আজ তিনি তুরস্কে পৌঁছেছেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


