ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):রাষ্ট্রীয় পর্যায়ে কানাডা, মরক্কো এবং উন্মুক্ত পদ্ধতিতে সৌদি আরব ও কাফকো (বাংলাদেশ) থেকে এক লাখ ৩০ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৭২২ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ৭২০ টাকা।
এর মধ্যে ৭০ হাজার মেট্রিক টন এমওপি সার এবং ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার রয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা উপদেষ্টা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় নবম লটের ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে।
কানাডা থেকে এই সার আমদানিতে ব্যয় হবে ১৭৪ কোটি ৪২ লাখ টাকা, প্রতি মেট্রিক টনের দাম ৩৫৬.২৫ মার্কিন ডলার।
এছাড়া মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় অষ্টম (ঐচ্ছিক-১ম) লটের ৩০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২০৮ কোটি ৮১ লাখ ৫৬ হাজার ২৪০ টাকা, প্রতি মেট্রিক টনের দাম ৫৬৮.৬৭ মার্কিন ডলার।
অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য চতুর্থ লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১৫৫ কোটি ৪৫ লাখ ৪৩ হাজার ৪৮০ টাকা, প্রতি মেট্রিক টনের দাম ৪২২.৬৬ মার্কিন ডলার।
এ ছাড়া একই অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ষষ্ঠ লটের ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৪৩ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার টাকা, প্রতি মেট্রিক টনের দাম ৩৯০.৭৫ মার্কিন ডলার।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।


