ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লেগেছে। এতে দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি পণ্য রাখার অংশে আগুন লাগে। বিকেল পৌনে চারটার দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, আরও ৬টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, সেনাবাহিনী, বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এছাড়া দুই প্লাটুন বিজিবিও উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে।
কার্গো ভিলেজে মোট ১২টি গেট রয়েছে। আগুন লেগেছে উত্তর দিকের ৮ নম্বর গেটে এবং তা দক্ষিণ দিকের ১ নম্বর গেট পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় দেখা যায়। বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে সবাইকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হচ্ছে। কার্গো ভবন থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা গেছে।
উড়োজাহাজ থেকে মালামাল ওঠানো–নামানোয় যুক্ত কোম্পানি ভয়েজার এভিয়েশনের গাড়িচালক মো. রাসেল মোল্লা জানান, আগুন লাগার সময় তার গাড়িটি ৮ নম্বর গেটের প্রায় ১০০ মিটার দূরে ছিল। তিনি দ্রুত গাড়ি সরিয়ে নেন এবং ভেতরে থাকা মানুষদের বের করে দেওয়া হয়।
রাসেল বলেন, “আগুন লেগেছে আমদানি করা মালামাল রাখার স্থানে।”
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


