ভেতরের খবর নিউজ ডেস্ক: জুলাই সনদ সইয়ের দিনে ‘জুলাই যোদ্ধাদের’ বিক্ষোভ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তাঁর আগের বক্তব্যেই অটল রয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ক্ষমা চাওয়ার আহ্বানের জবাবে আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক আলোচনা সভায় সালাহউদ্দিন বলেন, ‘আমার বক্তব্য অপব্যাখ্যা করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলেছি জুলাই গণ–অভ্যুত্থানের কোনো সংগঠন বা ব্যক্তি বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ছিল না।’
তিনি অভিযোগ করেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী’ জুলাই যোদ্ধা নাম ব্যবহার করে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বানচালের চেষ্টা করেছে।
সালাহউদ্দিন বলেন, ‘বর্তমানে অপতত্ত্ব ও অপব্যাখ্যা ছড়ানোর প্রবণতা বেড়েছে। আমি মনে করি, কিছু লোক ফ্যাসিস্ট সরকারের দোসর হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এতে প্রকৃত জুলাই যোদ্ধারা জড়িত নয়।’
তিনি জানান, ‘জুলাই যোদ্ধাদের’ একটি সংগঠনের অনুরোধে জুলাই সনদের অঙ্গীকারনামার ৫ নম্বর দফা সংশোধন করা হয়েছে, যেখানে আহতদের বীর ঘোষণা ও ক্ষতিপূরণ–চিকিৎসার বিধান সংযোজন করা হয়েছে।
এনসিপির সমালোচনার জবাবে সালাহউদ্দিন বলেন, ‘রাজনীতিতে অভিজ্ঞতার অভাবে অনেকেই অপরিপক্ব মন্তব্য করছেন। তাঁদের আরও শিখতে হবে। আগামী দিনের নেতৃত্ব তাঁদেরই নিতে হবে।’
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন এবং বিশেষ অতিথি ছিলেন এ এন এইচ আখতার হোসেন।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


