ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার ইচলী-বাগাদী চৌরাস্তাসংলগ্ন পাউবোর জায়গায় গড়ে ওঠা সাতটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল আটটার দিকে এ আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী মো. ইয়াসিন পালোয়ান জানান, একটি খাবারের হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে কম্পিউটার, মুঠোফোন টেকনিশিয়ান, ফার্মেসি ও স্টেশনারি দোকানসহ সাতটি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ দুর্ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। হোটেল মালিক খোকন রাজ বলেন, পাউবোর জায়গায় লিজ ছাড়াই দোকান নির্মাণ করা হয়েছিল। তাঁর ভাড়া দেওয়া হোটেল থেকেই আগুনের সূত্রপাত হয়।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, পাউবোর জায়গায় বর্তমানে কোনো লিজ দেওয়া হচ্ছে না। আগুনের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
@ইয়াসমিন রিম, ভেতরের খবর


