ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২১ অক্টোবর) রাতে পটিয়া পৌরসভার ডাকবাংলা টু হাইদগাঁও বিওসি রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন—সাইদুল ইসলাম ফয়সাল (২৫) ও মো. সালাউদ্দিন (৩৬)। তাদের মধ্যে সাইদুল চট্টগ্রাম নগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করের অনুসারী হিসেবে পরিচিত। সম্প্রতি তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) কাবাডি উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
অভিযানকালে মোটরসাইকেলে থাকা দুইজনের শরীর তল্লাশি করে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, অস্ত্রটি অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে বহন করছিলেন। এ ঘটনায় পটিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


