ভেতরের খবর নিউজ ডেস্ক: মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা।
আজ শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক শিক্ষক–কর্মচারী এই কর্মসূচি শুরু করেন। এর আগে রোববার থেকে তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনে তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পুলিশি বাধার মুখে তাঁরা শহীদ মিনারে অবস্থান নেন।
ছয় দিন ধরে চলা এ আন্দোলনে শিক্ষক–কর্মচারীরা লংমার্চ, শাহবাগ অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছেন। সর্বশেষ বৃহস্পতিবারের “মার্চ টু যমুনা” কর্মসূচি স্থগিত করে তাঁরা আজ থেকে অনশন শুরু করেন।
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার জানান, অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্তদের জন্য মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা বাড়িভাড়া দেওয়ার প্রস্তাব করেছে। তবে শিক্ষক–কর্মচারীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাঁদের দাবি, অবিলম্বে ২০ শতাংশ বাড়িভাড়া দিতে হবে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমাদের দাবি একটাই ২০ শতাংশ বাড়িভাড়া। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাব।”
অনশনরত শিক্ষকদের মধ্যে রয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার পশ্চিম ফুলমতি হাইস্কুলের শিক্ষক আজিজার রহমান (৫৬)। তিনি বলেন, “শিক্ষকরা কষ্টে থাকলেও সরকারের নজরে আসেন না। আমি অবসরের প্রান্তে, তবু চাই পরের প্রজন্মের শিক্ষকরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারেন।”
শিক্ষক–কর্মচারীরা জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফেরার প্রশ্নই আসে না। রোববার থেকে তাঁদের পরিবারের সদস্যরাও আন্দোলনে অংশ নেবেন।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


