ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড়ে দোস্ত বিল্ডিংয়ে স্থাপিত কার্যক্রম-নিষিদ্ধ উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ দোস্ত বিল্ডিংয়ে প্রবেশ করে হামলা চালায়। তাদের হাতে ছিল হকিস্টিক, লাঠিসোটা ও ধারালো অস্ত্র। তারা ভবনের ভেতরে ঢুকে নির্বিচারে ভাঙচুর চালায় এবং কার্যালয়ের আসবাবপত্র, কাঁচের দরজা-জানালা, ব্যানার-পোস্টারসহ মূল্যবান সামগ্রী তছনছ করে ফেলে।
হামলাকারীরা ভাঙচুর শেষে ভবনের দ্বিতীয় তলায় থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ও মুজিব সেনা কার্যালয়ে অবস্থান নেয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার অভাবে দোকানপাট বন্ধ করে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দোস্ত বিল্ডিংয়ের ওই কার্যালয়টি বন্ধ ঘোষণা করা হলেও সেখানে মাঝে মধ্যে কিছু নেতাকর্মীর আনাগোনা ছিল। হামলার ঘটনার পর থেকে ভবনের আশপাশে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন,
> “রাতে খবর পেয়েছি, ঘটনাটি যাচাই করছি। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের শনাক্তে কাজ চলছে।
তবে স্থানীয় রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, দলীয় অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটতে পারে।


