ভেতরের খবর নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে নির্ধারিত সময়ের মধ্যে না হয়, সে চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল এমন অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি আয়োজন করে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, “কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময়ে না হয় তার চেষ্টা করছে। কিন্তু এটি ঠিক হচ্ছে না। এখন প্রয়োজন অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। কারণ দেশের অর্থনীতি, রাজনীতি ও শিক্ষা সবকিছুই নির্ভর করছে একটি নির্বাচিত সরকারের ওপর।”
তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রশংসা করে বলেন, “অন্তর্বর্তী সরকার অল্প সময়ের মধ্যে কিছু প্রয়োজনীয় সংস্কারের কাজ সম্পন্ন করেছে, যা ইতিবাচক উদ্যোগ।”
বিএনপির ৩১ দফা রূপরেখার প্রসঙ্গ টেনে দলটির মহাসচিব বলেন, “বিএনপির জন্মই সংস্কারের মধ্যে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। গণমাধ্যমের স্বাধীনতা, নারীর শিক্ষা, কর্মসংস্থান, মহিলাবিষয়ক অধিদপ্তর এসবই বিএনপির অবদান।”
তাঁর দাবি, “বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে, তার পেছনে বিএনপি ও জিয়াউর রহমানের ভূমিকা রয়েছে। অথচ আজ এমনভাবে কথা বলা হয় যেন বিএনপি কোনো অবদান রাখেনি।”
জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টারও সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে, তাঁকে মুছে ফেলা যাবে না।”
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চীন সফরের স্মৃতি তুলে ধরে তিনি জানান, চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছিলেন “ক্যারি দ্য ফ্ল্যাগ অব ইয়োর ফাদার অ্যান্ড মাদার।”
শেষে মির্জা ফখরুল বলেন, “আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব, অর্থনীতিকে গণতান্ত্রিকীকরণ করব।”
৬৪০ পৃষ্ঠার এই গ্রন্থে ১৩টি অধ্যায় রয়েছে, যার মধ্যে একটি অধ্যায় ‘আমার বাবা’ শিরোনামে লিখেছেন তারেক রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ্ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


