ভেতরের খবর নিউজ ডেস্ক: পাঁচ দিনের এশিয়া সফরের প্রথম দিনে আজ রোববার মালয়েশিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে নেচে–গেয়ে স্বাগত জানান স্থানীয় শিল্পীরা। এ সময় ট্রাম্পও তাঁদের সঙ্গে নাচে অংশ নেন। ফক্স নিউজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্রাম্প মুষ্টিবদ্ধ হাতে শরীর দুলিয়ে আনন্দে নাচছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকালে ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান কুয়ালালামপুরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
মূলত দুটি বড় আয়োজনে অংশ নিতেই ট্রাম্পের এ সফর একটি দক্ষিণ–পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন, অন্যটি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শতবর্ষের বৈরিতার অবসান ঘটাতে শান্তিচুক্তি স্বাক্ষর।
মালয়েশিয়া সফর শেষে ট্রাম্প জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি এ অঞ্চলে তাঁর প্রথম ও দীর্ঘতম বিদেশ সফর।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, দেশটিতে সফর করা তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হলেন ট্রাম্প। এর আগে ১৯৬৬ সালে লিন্ডন বি জনসন এবং ২০১৪ ও ২০১৫ সালে বারাক ওবামা মালয়েশিয়া সফর করেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


