ভেতরের খবর নিউজ ডেস্ক: ‘নভেম্বরেই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে’ তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন মন্তব্যে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত উপদেষ্টা পরিষদ নিয়মিত দায়িত্ব পালন করবে এবং সভাও চলবে আগের মতোই।
বিবৃতিতে বলা হয়, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে এ ধারণা সঠিক নয়। বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।
গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, নভেম্বরের পর আর ক্যাবিনেট বৈঠক হবে না, কারণ তখন নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। তাঁর এ বক্তব্যকে কেন্দ্র করে আজ সোমবার সরকার আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দেয়।
অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। এর আগে বিএনপি এই সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকারের আদল’ দেওয়ার দাবি জানিয়েছে। সেই প্রেক্ষাপটে সরকারের এই ব্যাখ্যা গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


