ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোডের বগার বিলমুখ এলাকায় গভীর রাতে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মো. সাজ্জাদ (২২) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত দুইটার দিকে। পুলিশ ও দলীয় সূত্র জানায়, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। নিহত সাজ্জাদ ছিলেন নগর যুবদলের বিলুপ্ত কমিটির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার অনুসারী। অপর পক্ষটি নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহর অনুসারী বলে জানা গেছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।”
দলীয় সূত্রের দাবি, মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেনের নির্দেশে কিছু ব্যানার নামানো হয়, যার মধ্যে সিরাজের অনুসারী বোরহানের ব্যানারও ছিল। এতে ক্ষুব্ধ হয়ে বোরহান ও তাঁর সহযোগীরা যুবদল কর্মী মো. জসিমকে তুলে নিয়ে মারধর করেন। পরে জসিমকে উদ্ধারে গেলে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়, এতে সাজ্জাদ গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় নিহত সাজ্জাদের মা ফরিদা বেগম বলেন, “আমার ছেলেকে কেন গুলি করেছে? আমি তার খুনিদের বিচার চাই।” সাজ্জাদের ভাই হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


