গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পঞ্চগড়ে উদ্ধার হওয়া মুফতি মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজী (৬০) নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
তিনি বলেন, “মোহেববুল্লাহ যেভাবে অপহরণের বর্ণনা দিয়েছেন, তা যাচাই করে দেখা গেছে—পুরোটাই সাজানো। সিসিটিভি ফুটেজে অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি নিজেই নিজের পায়ে শিকল লাগিয়ে শুয়ে ছিলেন।”
মোহেববুল্লাহ টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব। গত ২৪ অক্টোবর তিনি টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন, যেখানে অভিযোগ করেন ২২ অক্টোবর সকালে হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্স তাঁকে অপহরণ করে নিয়ে যায়। পরে পঞ্চগড়ের স্থানীয় লোকজন ৯৯৯-এ ফোন দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে।
তদন্তে দেখা যায়, মোহেববুল্লাহ নিজেই পঞ্চগড়ে গিয়ে রাস্তার পাশে শিকল জড়িয়ে শুয়ে পড়েছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি রাত সাড়ে ১১টার দিকে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় হেঁটে বেড়াচ্ছিলেন এবং কোনো অ্যাম্বুলেন্সের অস্তিত্ব মেলেনি।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, “মামলাটি তদন্তাধীন। তিনি একা নাকি কারও প্ররোচনায় এমন করেছেন, তা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


