ভেতরের খবর নিউজ ডেস্ক: নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ গ্রহণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, “আমরা শাপলা কলি নেব। নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণের পরও বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নিচ্ছি। এখন আর প্রতীক নিয়ে পড়ে থাকলে চলবে না, আমাদের ইলেকশন ফেজে ঢুকতে হবে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, ‘শাপলা কলি’ প্রতীক নিয়েও দেশজুড়ে ইতিবাচক সাড়া পেয়েছে এনসিপি। তাঁর ভাষায়, “এটা শাপলার চেয়ে এক ধাপ এগিয়ে—এখানে শাপলাও আছে, কলিও আছে।”
তিনি জানান, দেশের যেকোনো প্রান্তের মানুষ এনসিপির মনোনয়ন পেতে আগ্রহী হলে তা বিবেচনা করা হবে। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনকে দ্রুততম সময়ে দলের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।
বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে দলের যুগ্ম আহ্বায়ক ও পলিসি অ্যান্ড রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট তুলে ধরে তিনি বলেন, “এটাকে আমরা নির্বাচন কমিশন বলতে পারি না, এটি আসলে ‘ইঞ্জিনিয়ারিং কমিশন’। এখানে অনেক কিছুই ইঞ্জিনিয়ারিং হচ্ছে, আর আমরা সেই ইঞ্জিনিয়ারিং কমিশনে ফাইটটা করে যাচ্ছি।”
তিনি আরও অভিযোগ করেন, দেশে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ধর্মীয় ফ্যাসিবাদ এবং বিএনপির নেতৃত্বে চাঁদাবাজি ও সন্ত্রাস চলছে। “এই দুটি শক্তির সঙ্গী আমরা হতে পারি না,” বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর