ভেতরের খবর নিউজ ডেক্স: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায়ের তারিখ ঘোষণা করা হবে। এদিনকে ঘিরে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
সকাল থেকে হাইকোর্ট মাজার সংলগ্ন ট্রাইব্যুনাল এলাকায় বিজিবি, ডিএমপি ও এপিবিএন সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। মোতায়েন রয়েছে সাঁজোয়া যান ও সেনাবাহিনীর টহল দল।
ডিএমপির ১৭ হাজার সদস্যসহ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিট রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে। ঢাকার প্রবেশপথে কড়া তল্লাশি চালানো হচ্ছে, পাশাপাশি হোটেল ও মেসে রাতভর অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সকালে রাজধানীর সড়কে যান চলাচল তুলনামূলক কম থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাংলামোটর, শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অতিরিক্ত নিরাপত্তা ও চেকপোস্ট বসানো হয়েছে।
@ইয়াসমিন রিমা


